পুলিশ-সেনা কর্মকর্তার নামে ভুয়া হোয়াটসঅ্যাপ, রাজশাহীতে প্রতারক গ্রেপ্তার

ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ে মামলা ও হয়রানির ভয় দেখিয়ে অর্থ দাবির অভিযোগ; একাধিক মামলার আসামি শরিফুল
নিজস্ব প্রতিবেদক : পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে প্রতারণা ও অর্থ দাবির অভিযোগে মো. শরিফুল ইসলাম (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার রানীনগর পানির ট্যাংকি এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে র্যাব-৫-এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, শরিফুল ইসলাম বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি (অপরাধ ও অভিযান) মো. হুমায়ুন কবীরের নাম, পদবি ও ছবি ব্যবহার করে অন্যের নামে নিবন্ধিত একটি মুঠোফোনের সিম দিয়ে ‘অ্যাডিশনাল ডিআইজি হুমায়ুন’ নামে একটি ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলেছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরিফুল স্বীকার করেছেন, ওই অ্যাকাউন্ট ব্যবহার করে প্রশাসন ক্যাডার, পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা ও দায়রা জজ এবং আইনজীবীদের ফোন ও খুদে বার্তা পাঠাতেন। বিভিন্ন মামলায় জড়ানোর বা হয়রানির ভয় দেখিয়ে তাদের কাছে অর্থ দাবি করতেন বলেও জানিয়েছে র্যাব।
র্যাব আরও জানায়, শরিফুল রাজশাহী ও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অবস্থান করে ইলেকট্রনিক যন্ত্রের মাধ্যমে দীর্ঘদিন ধরে অনলাইন প্রতারণা চালিয়ে আসছিলেন। পুলিশ কর্মকর্তার পরিচয়ে একই ধরনের প্রতারণার অভিযোগে সাইবার সুরক্ষা অধ্যাদেশে বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এসব মামলায় গ্রেপ্তার হয়ে পরবর্তীতে জামিনে মুক্তি পাওয়ার পরও শরিফুল পুনরায় একই ধরনের অপরাধে জড়িয়ে পড়েন বলে জানিয়েছে র্যাব।
অভিযানের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের অপরাধের কথা স্বীকার করেছেন তিনি। এ ঘটনায় তার বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।






