সংখ্যালঘু নির্যাতনের বিচার হয়নি, বিচারহীনতা দূর করার চেষ্টা চলছে: নাহিদ

ঢাকেশ্বরী মন্দিরে জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময়; গণতন্ত্র টেকসই করতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান
টুইট ডেস্ক: দেশে সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর বিভিন্ন সময়ে নির্যাতন ও নিপীড়নের ঘটনা ঘটলেও সেসবের সুষ্ঠু বিচার নিশ্চিত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় প্রধান হুইপ নাহিদ ইসলাম।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী উপলক্ষে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, বিগত সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নানা ধরনের অত্যাচার ও অবিচার হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে এসব ঘটনার বিচার নিশ্চিত করা যায়নি। তবে ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর দেশে বিচারহীনতার সংস্কৃতি দূর করে সামগ্রিক বিচারব্যবস্থাকে শক্তিশালী ও নিরপেক্ষ অবস্থানে নেওয়ার চেষ্টা চলছে।
তিনি বলেন, সরকার ও বিরোধী দল—সবারই অন্যতম প্রধান জাতীয় দায়িত্ব হলো দেশে স্থায়ী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। দেশ বর্তমানে তুলনামূলকভাবে স্থিতিশীলতার দিকে এগিয়ে গেলেও গণতান্ত্রিক ব্যবস্থাকে টেকসই করতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী ও কার্যকর করা প্রয়োজন।
সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, দেশে প্রকৃত সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য নিশ্চিত করা ছাড়া কার্যকর ও অর্থবহ গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।
এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।






