মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী

প্রাথমিক স্তর থেকেই খেলাধুলা, স্কাউটিং ও নৈতিক শিক্ষার চর্চা বাড়ানোর তাগিদ
টুইট ডেস্ক: দেশে মাদকাসক্তি ও নৈতিকতাহীনতা বাড়ছে উল্লেখ করে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষাব্যবস্থাকে এ অবস্থা থেকে ফিরিয়ে আনতে হবে। এ জন্য প্রাথমিক স্তর থেকেই খেলাধুলা, স্কাউটিং ও নৈতিক শিক্ষার চর্চা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।
বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া মেধাবী স্কাউটদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, খেলাধুলা ও স্কাউটিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা, দেশপ্রেম ও মানুষের প্রতি ভালোবাসার মতো গুণাবলি গড়ে ওঠে। এসব কার্যক্রম তরুণদের মাদক ও অনৈতিকতা থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন, মেধাবীদের হাত ধরেই আগামী বাংলাদেশ গড়ে উঠবে। দেশের উন্নয়নে মেধাবী প্রজন্মের বিকল্প নেই। ভালো ফল করা শিক্ষার্থীদের উৎসাহ ও সম্মান জানাতে হবে, যাতে তারা ভবিষ্যতে দেশ গঠনে আরও বড় ভূমিকা রাখতে পারে।
শিক্ষামন্ত্রী জানান, প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা হচ্ছে। পাশাপাশি শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা, সংস্কৃতি, নৈতিকতা ও মূল্যবোধ এবং ষষ্ঠ শ্রেণি থেকে আনন্দের সঙ্গে শেখার বিষয় যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। কারিগরি শিক্ষার পাশাপাশি স্কাউট ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের কার্যক্রমও আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
নারী শিক্ষার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, মেয়েদের উপবৃত্তি কর্মসূচি দেশে বড় ধরনের সামাজিক পরিবর্তন এনেছে। শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি স্কাউট কার্যক্রমের জন্যও বাজেট বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






