দুর্গাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীর দুর্গাপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন-সংগ্রাম করে আসছে। ভবিষ্যতেও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

পরে উপজেলা পরিষদ মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে দুর্গাপুর উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌর বিএনপির কয়েকশ নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা শোভাযাত্রায় অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র সাইদুর রহমান মন্টু, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু, সদস্য সচিব আহম্মেদ রেজাউল করিম স্বপন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আকবর আলী বাবলু ও আশরাফুল কবির বুলুসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ ছাড়া দেলুয়াবাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম সাকলায়েন, নওপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান আজাদ রেজাউল করিম রেজা, পানানগর ইউপির সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম খান রবিন, মাড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান ইমাম হাসান ফারুক সুমন, কিসমতগনকৈড় ইউপির সাবেক চেয়ারম্যান মাসুদ রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ মামুন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমন আহম্মেদ সুমন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর বুলেটসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপির নেতারা জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ ছিল। এ সময় উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে দলের সব নেতাকর্মী ও সমর্থকদের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানানো হয়।