রাজশাহীতে ক্লাবের ভেতর জুয়া, পুলিশ কনস্টেবলসহ ১২ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর উপশহর এলাকায় একটি ক্লাবের ভেতর টাকা দিয়ে জুয়া খেলার অভিযোগে পুলিশ কনস্টেবলসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে বোয়ালিয়া থানা পুলিশ।

সোমবার (৩১ আগস্ট) রাত ১১টার দিকে উপশহর এলাকায় উত্তরা ক্লিনিকের মোড়সংলগ্ন একটি টিনশেড ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) গ্রেপ্তারদের রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী জানান, টিনশেড ভবনটিতে ‘উপশহর একতা সংঘ’ নামে একটি ক্লাব রয়েছে। সেখানে টাকা দিয়ে জুয়া খেলা হচ্ছে—এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় জুয়া খেলার অভিযোগে ১২ জনকে আটক করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে মো. ওয়াহিদ মুরাদ (৪৭) চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশে কনস্টেবল পদে কর্মরত। তিনি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার তেরোখাদিয়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

অন্য গ্রেপ্তাররা হলেন: আলমগীর কবির (৩৫), খাইরুল হাসান (৪৮), ফিরোজ উদ্দিন (৬৫), তোফায়েল আহমেদ, মো. হান্নান (৬০), তানজিদ (৩৬), মনজুরুল ইসলাম (৬১), শফিকুল ইসলাম (৫০), শাহাবক্স, মাসুদ রানা ও সাইফুল ইসলাম (৩৪)। তাদের সবার বাড়ি রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ১২ জনের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে বোয়ালিয়া থানায় মামলা করা হয়েছে। পরে মঙ্গলবার তাদের আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে পুলিশ সদস্যের জুয়া খেলার অভিযোগে গ্রেপ্তারের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।