যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

প্রাথমিক ক্রয়াদেশ বাড়ানোর কথা জানালেন মার্কিন বিশেষ দূত; উড়োজাহাজের সংখ্যা ও চুক্তিমূল্য এখনো প্রকাশ হয়নি

টুইট ডেস্ক: বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য কয়েক বিলিয়ন ডলার ব্যয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।

রোববার (৩০ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ তথ্য জানান সার্জিও গোর। তিনি বলেন, চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে নতুন একটি চুক্তি হয়েছে। এর আওতায় বাংলাদেশ আরও বোয়িং উড়োজাহাজ কেনার জন্য কয়েক বিলিয়ন ডলার ব্যয় করতে সম্মত হয়েছে। এতে বাংলাদেশের আগের ক্রয়াদেশ উল্লেখযোগ্যভাবে বাড়বে।

তবে নতুন করে কতটি উড়োজাহাজ কেনা হবে, কোন মডেলের উড়োজাহাজ কেনা হবে কিংবা চুক্তিটির মোট আর্থিক মূল্য কত—এসব বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি। বাংলাদেশ সরকার বা বোয়িংয়ের পক্ষ থেকেও নতুন ক্রয়াদেশের আনুষ্ঠানিক বিবরণ প্রকাশ করা হয়নি।

এর আগে বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর আধুনিকায়নে বোয়িংয়ের কাছ থেকে ১৪টি উড়োজাহাজ কেনার পরিকল্পনা নেওয়া হয়েছিল। ওই প্রস্তাবে আটটি বোয়িং ৭৮৭-১০, দুটি বোয়িং ৭৮৭-৯ এবং চারটি বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স উড়োজাহাজ অন্তর্ভুক্ত ছিল।

নতুন ঘোষণাটি সেই প্রাথমিক ক্রয়াদেশ আরও বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে। এর ফলে বিমানের বহর সম্প্রসারণের পাশাপাশি আন্তর্জাতিক ও আঞ্চলিক রুটে সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে।

চলতি বছরের জুলাইয়ে বাংলাদেশ সফরকালে সার্জিও গোর বাংলাদেশের শীর্ষ সরকারি কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করেছিলেন। তাঁর সর্বশেষ বক্তব্যে বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়টি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সামনে এসেছে।

সার্জিও গোর তাঁর বার্তায় মার্কিন অর্থনীতিতে কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধি ও অর্থনৈতিক পুনরুজ্জীবনে প্রেসিডেন্ট ট্রাম্পের ভূমিকার প্রশংসাও করেন।