রাজশাহীতে ওয়াকিটকি হাতে ছিনতাইয়ের প্রস্তুতি, গ্রেপ্তার দুই যুবক

ওয়্যারলেস সদৃশ মোবাইল ও হাসুয়া নিয়ে সরকারি কর্মচারীর ছদ্মবেশে ছিনতাইয়ের অভিযোগ, দুজনের বিরুদ্ধে মামলা
টুইট ডেস্ক: রাজশাহী মহানগরীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুই যুবককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে দুটি হাসুয়া, ওয়্যারলেস সদৃশ একটি মোবাইল ফোনসহ তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন—রাজশাহী নগরীর ছোটবনগ্রাম এলাকার এস এম এহসান উদ্দিন বাদশার ছেলে ও বর্তমানে নওদাপাড়া এলাকায় বসবাসরত এস এম হাসান মুক্তাদির কিউট (২৩) এবং কয়েরদারা খ্রিষ্টানপাড়া এলাকার মো. জাকির হোসেনের ছেলে মো. সিফাজ হোসেন (২৫)।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত আনুমানিক ১টার দিকে বোয়ালিয়া থানাধীন কয়েরদারা খ্রিষ্টানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
অভিযানে এস এম হাসান মুক্তাদির কিউটের কাছ থেকে লোহার বাটযুক্ত ৩১ ইঞ্চি লম্বা একটি হাসুয়া, একটি ওয়্যারলেস সদৃশ মোবাইল ফোন ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়। অপর আসামি সিফাজ হোসেনের কাছ থেকে কাঠের বাটযুক্ত ২৬ ইঞ্চি লম্বা একটি হাসুয়া ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন ছিনতাইয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থানের কথা স্বীকার করেছেন। উদ্ধার করা কিউটের মোবাইল ফোন যাচাই করে তাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মনোগ্রাম ব্যবহার এবং একটি মোবাইল নম্বর ‘হোয়াটসঅ্যাপ’ নামে সংরক্ষিত থাকার তথ্য পাওয়া গেছে।
আরএমপি জানায়, ওয়্যারলেস সদৃশ ওই মোবাইল ফোন ব্যবহার করে সরকারি কর্মচারীর ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন সময়ে ছিনতাইসহ বিভিন্ন অপরাধ সংঘটনের চেষ্টা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশের তথ্য অনুযায়ী, কিউটের বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায় দণ্ডবিধির ধারায় সাতটি ও বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রয়েছে। অপরদিকে সিফাজ হোসেনের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় দণ্ডবিধির ধারায় একটি এবং রাজশাহীর চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।
সরকারি কর্মচারী না হয়েও সরকারি প্রতিষ্ঠানের মনোগ্রাম ব্যবহার এবং ওয়্যারলেস সদৃশ মোবাইল ফোনের মাধ্যমে সরকারি কর্মচারীর ছদ্মবেশ ধারণ করে ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থানের অভিযোগে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।
এ ধরনের প্রতারণা ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে সতর্ক থাকতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)।






