রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত

ভুবন মোহন পার্কে প্রস্তুতি সভায় নেতাদের মধ্যে উত্তেজনা, সভাপতি-সম্পাদকের আচরণে তাৎক্ষণিক সিদ্ধান্ত
টুইট ডেস্ক: দলীয় শৃঙ্খলা পরিপন্থী আচরণের অভিযোগে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) রাজশাহী নগরীর ভুবন মোহন পার্কে মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা চলাকালে রাজপাড়া থানা বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান মিজান ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের আচরণকে কেন্দ্র করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপস্থিত নেতাকর্মীদের সূত্রে জানা যায়, সভা চলাকালে রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের বক্তব্য চলাকালে একটি ঘটনার বিচার দাবি করেন। এ সময় রিটন তাকে সভা শেষে বিষয়টি নিয়ে বসার কথা বলেন।
এরপর মিজানুর রহমান মিজান ও তার সঙ্গে থাকা রাজপাড়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম উচ্চবাচ্য করেন এবং মহানগর বিএনপির নেতাদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করেন বলে সভায় উপস্থিত নেতারা জানান। এতে সভাস্থলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
পরবর্তীতে রাজপাড়া থানা বিএনপির নেতৃবৃন্দকে শান্ত হয়ে বসার জন্য বলা হলেও তারা বিষয়টি না মেনে সভাস্থল থেকে বের হয়ে চলে যান বলে জানা গেছে।
ঘটনাটিকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী আচরণ হিসেবে বিবেচনা করে রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিতের প্রস্তাব দেন। পরে মহানগর বিএনপির সভাপতি মো. মামুন অর রশিদ মামুন তাৎক্ষণিকভাবে রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিতের ঘোষণা দেন।
সভায় রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, শফিকুল ইসলাম শাফিক, জয়নাল আবেদিন শিবলী, মোকতার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. রবিউল আলম মিলুসহ মহানগর বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ এবং রাজশাহী মহানগরের অধীন সাতটি থানা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকরা সভায় উপস্থিত ছিলেন।






