গোদাগাড়ীতে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ীতে ছয় কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৫টা ৫৫ মিনিটে উপজেলার ছয়ঘাটি গ্রামের একটি আমবাগানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর রিফিউজিপাড়া গ্রামের মৃত মনিরুল ইসলামের ছেলে মো. রুবেল হোসেন (২৮) এবং একই উপজেলার একবরপুর জাব্বার বিঘা টোলা গ্রামের মো. মোজাম্মেল হকের ছেলে মো. জসিম আলী (২৩)।
জেলা ডিবি পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিরস্ত্র) মো. মেহেদী হাসানের নেতৃত্বে একটি দল রাজাবাড়ীহাট ও আশপাশের এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ছয়ঘাটি গ্রামের মাসুদ রানার আমবাগানের সামনে দুই ব্যক্তি মোটরসাইকেল নিয়ে গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।
পরে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় ডিবি পুলিশ তাদের আটক করে। তল্লাশি চালিয়ে সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগের ভেতর থেকে ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন এপাচি টিভিএস ১৫০ সিসি মোটরসাইকেলটি জব্দ করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার রুবেল হোসেনের বিরুদ্ধে রাজশাহী মহানগর, রাজশাহী, হবিগঞ্জ, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা করা হয়েছে।






