কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

আন্তালিয়ায় জলবায়ু সম্মেলন, অর্থনীতি ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে আগ্রহ দুই দেশের

টুইট ডেস্ক: জাতিসংঘের আসন্ন বৈশ্বিক জলবায়ু সম্মেলন কপ৩১-এ অংশ নিতে আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সৌদি আরবের জেদ্দায় তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর এ তথ্য জানিয়েছেন।

ইসলামী সহযোগিতা সংস্থার পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলের ২৩তম বিশেষ অধিবেশনের ফাঁকে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়ার সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় তিনি বাংলাদেশের সরকারপ্রধানের আসন্ন তুরস্ক সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করেন।

বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা সমসাময়িক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে যৌথভাবে কাজ করার বিষয়ে নিজেদের আগ্রহের কথা জানান।

আলোচনায় বাংলাদেশ ও তুরস্কের বর্তমান দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করা হয়। বিশেষ করে অর্থনীতি ও প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতার বিষয়টি গুরুত্ব পায়। এসব ক্ষেত্রে অংশীদারত্ব আরও বিস্তৃত করে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত হয়।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৈশ্বিক উদ্যোগের অংশ হিসেবে জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন কপ৩১ আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত হবে।

সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, মন্ত্রী, কূটনীতিক ও জলবায়ু বিশেষজ্ঞরা অংশ নেবেন। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ঠেকানো, জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং জলবায়ু অর্থায়নসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সেখানে নীতিনির্ধারণী আলোচনা হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফরের মধ্য দিয়ে জলবায়ু ইস্যুর পাশাপাশি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা ও প্রতিরক্ষা অংশীদারত্ব আরও জোরদারের সুযোগ তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।