নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৩০০

নিখোঁজ প্রায় দেড় হাজার, তাদের মধ্যে ৮০০ বিদেশি; দুর্গম এলাকায় উদ্ধার তৎপরতায় চরম বাধা
টুইট ডেস্ক: নেপাল-তিব্বত সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০০ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে প্রায় ১ হাজার ৫০০ মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে অন্তত ৮০০ জন বিদেশি নাগরিক বলে জানিয়েছে নেপাল পুলিশ।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সর্বশেষ তথ্যে নেপাল পুলিশ জানায়, বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত ৩০০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে দুর্গম এলাকা ও ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে উদ্ধারকারীদের নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে।
স্থানীয় সময় বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নেপাল-তিব্বত সীমান্ত এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। পানির সঙ্গে কাদা ও ধ্বংসাবশেষের প্রবল স্রোতে বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে। তলিয়ে গেছে সড়ক এবং ভেসে গেছে বেশ কয়েকটি সেতু।
নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল বৃহস্পতিবার জানিয়েছেন, নিখোঁজদের মধ্যে প্রায় ৩০০ জন ভারতীয় নাগরিক রয়েছেন।
এদিকে নেপালের ভয়াবহ বন্যার পর প্রায় ১০০ জন চীনা নাগরিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, চীন নেপালের সঙ্গে যোগাযোগ রাখছে এবং নিখোঁজদের সন্ধান ও উদ্ধারকাজে সহযোগিতা করছে। নেপালের প্রয়োজন অনুযায়ী জরুরি সহায়তা দেওয়ার কথাও জানিয়েছে চীন।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের তথ্য অনুযায়ী, তিব্বতের গিরং কাউন্টিতে ভূমিধসের ঘটনায় ৫৫৮ জন নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে ২৬০ জন বিদেশি নাগরিক। তবে নেপাল ও চীনের প্রকাশিত নিখোঁজের পরিসংখ্যানে একই ব্যক্তিদের হিসাব অন্তর্ভুক্ত হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।
আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিস ফেডারেশনের প্রতিনিধি দলের প্রধান ডেভিড ফিশার জানিয়েছেন, নেপালের উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় সড়ক ও সেতু ধ্বংস হয়ে যাওয়ায় হেলিকপ্টার ছাড়া পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।
তিনি বলেন, দুর্গত এলাকায় জরুরি সহায়তার প্রয়োজন অত্যন্ত বেশি। অনেক মানুষকে বুধবার রাতে খোলা আকাশের নিচে থাকতে হয়েছে। বন্যার পানিতে বহু গ্রাম ও বাজার এলাকা ভেসে গেছে।
ফিশার আশঙ্কা প্রকাশ করে বলেন, উদ্ধার অভিযান যত এগোবে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধারকারী দল স্থানীয় স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে দুর্গত মানুষের কাছে জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে।






