রাজশাহী রেঞ্জের ওসি নির্বাচিত হলেন লালপুরের শফিকুল ইসলাম

জুলাইয়ের কর্মমূল্যায়নে আট জেলার থানার কর্মকর্তাদের পেছনে ফেলে শ্রেষ্ঠত্ব অর্জন

নিজস্ব প্রতিবেদক : অপরাধ দমন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন নাটোরের লালপুর থানার ওসি শফিকুল ইসলাম। জুলাই ২০২৬ মাসের কর্মমূল্যায়নে রাজশাহী রেঞ্জের আট জেলার থানার ওসিদের মধ্যে তিনি ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ’ নির্বাচিত হন।

সোমবার দুপুরে নাটোর জেলা পুলিশ সুপারের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ওসি শফিকুল ইসলামের হাতে শ্রেষ্ঠত্বের সম্মাননা ক্রেস্ট তুলে দেন নাটোর জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক আশিক সাঈদের জুলাই ২০২৬ মাসের কর্মমূল্যায়নে মামলা তদন্তে গুরুত্বপূর্ণ অবদানসহ বিভিন্ন কার্যক্রম বিবেচনায় লালপুর থানার ওসি শফিকুল ইসলাম শ্রেষ্ঠত্ব অর্জন করেন।

অপরাধ দমন, মামলার তদন্ত কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করার ক্ষেত্রে তার নেতৃত্বে লালপুর থানার কার্যক্রম মূল্যায়নে বিশেষ গুরুত্ব পায়।

শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় শফিকুল ইসলাম বলেন, রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ ওসির স্বীকৃতি পাওয়া অত্যন্ত আনন্দ ও গর্বের। এ অর্জন শুধু তার একার নয়; লালপুর থানার সব পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টা, জেলা পুলিশের দিকনির্দেশনা এবং লালপুরবাসীর সহযোগিতার ফল।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও আরও নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে জনগণের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে তিনি কাজ করে যাবেন।