সব সিটি কর্পোরেশনের খেলার মাঠ উন্নয়নে সচিবালয়ে গুরুত্বপূর্ণ সভা

একটি খেলার মাঠ ও প্রতিটি ওয়ার্ডে ফুটসাল নির্মাণের জায়গা নির্ধারণের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: দেশের সব সিটি কর্পোরেশনের খেলার মাঠের উন্নয়ন ও সুব্যবস্থাপনার লক্ষ্যে সচিবালয়ে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। খেলাধুলার উপযুক্ত পরিবেশ তৈরিতে খুব শিগগিরই দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে বলেও সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনসহ দেশের বিভিন্ন সিটি কর্পোরেশনের প্রশাসকরা অংশ নেন।

সভায় সিটি কর্পোরেশন এলাকায় বিদ্যমান খেলার মাঠের উন্নয়ন ও সংস্কার, মাঠ ব্যবস্থাপনায় সিটি কর্পোরেশনের নিজস্ব পরিকল্পনা এবং নতুন খেলার মাঠ ও ফুটসাল নির্মাণের জন্য জায়গা নির্ধারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় প্রতি ২–৩টি ওয়ার্ডের সমন্বয়ে একটি খেলার মাঠ এবং প্রতিটি ওয়ার্ডে একটি করে ফুটসাল নির্মাণের উপযুক্ত জায়গা নির্ধারণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। নগরবাসীর জন্য খেলাধুলার সুযোগ বাড়ানোর পাশাপাশি শিশু-কিশোর ও তরুণদের সুস্থ বিনোদন নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, একটি সুস্থ, মাদকমুক্ত ও ক্রীড়ামুখী প্রজন্ম গড়ে তুলতে সিটি কর্পোরেশন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অন্যান্য অংশীজনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। দেশের প্রতিটি নগরীতে খেলাধুলার উপযুক্ত পরিবেশ তৈরিতে খুব শিগগিরই দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে বলেও সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

সভায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।