রংপুরের হত্যাকাণ্ডে উদ্বিগ্ন জামায়াত আমির, স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে বললেন

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ, দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

টুইট ডেস্ক: রংপুর নগরীতে একটি বাসা থেকে স্কুলশিক্ষক ও তার পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধারের ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে।

রোববার (২৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমানের দাবি, গত রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়ার একটি বাসা থেকে রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, ছেলে প্রীয়ম চক্রবর্তী ও মেয়ে আগামী চক্রবর্তীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এ ঘটনাকে অত্যন্ত নিন্দনীয়, বেদনাদায়ক ও লোমহর্ষক উল্লেখ করে জামায়াত আমির বলেন, একটি পুরো পরিবারকে যেভাবে হত্যা করা হয়েছে, তা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতির চিত্র তুলে ধরে।

তিনি সাম্প্রতিক সময়ে ঢাকা ও ময়মনসিংহে চিকিৎসকদের কাছে চাঁদা দাবি এবং হামলার ঘটনাও তুলে ধরেন। এসব ঘটনার ধারাবাহিকতা উল্লেখ করে তিনি বলেন, দেশে সামাজিক অপরাধ, হত্যাকাণ্ড ও সন্ত্রাসী কর্মকাণ্ড মারাত্মক আকার ধারণ করেছে। এতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও শঙ্কা তৈরি হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন ডা. শফিকুর রহমান। তার ভাষ্য, বাহিনীর নির্লিপ্ত ভূমিকা জনগণকে শঙ্কিত করে তুলছে। বিশেষ করে রংপুরের হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

একটার পর একটা অপরাধ সংঘটিত হলেও ভুক্তভোগীরা যথাযথ বিচার পাচ্ছেন না বলেও অভিযোগ করেন জামায়াত আমির। আদালতে বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণে জনগণের মধ্যে হতাশা তৈরি হচ্ছে উল্লেখ করে তিনি দ্রুত বিচার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

তবে সরকারের ব্যর্থতার দিকে তাকিয়ে না থেকে সামাজিক সচেতনতা তৈরিরও আহ্বান জানান ডা. শফিকুর রহমান। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে বাধ্য করার জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।