বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার বাদী কাশেম মারা গেছেন

মামলাটি তদন্তাধীন; বাদীর মৃত্যুতে আইনি প্রক্রিয়ায় বাধা নেই বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী
টুইট ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার বাদী আবুল কাশেম মিলন মারা গেছেন। শুক্রবার (২১ আগস্ট) রাতে ফেনীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আবুল কাশেমের জামাতা জসিম উদ্দিন জানান, শুক্রবার রাতে শারীরিকভাবে অসুস্থ বোধ করলে তাকে দ্রুত ফেনী হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শনিবার বাদ জোহর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
আবুল কাশেম মিলনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ফেনী জজ আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান। তিনি বলেন, আবুল কাশেম ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ কর্মী। তার দায়ের করা মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। বাদীর মৃত্যু হলেও মামলা পরিচালনা বা আইনি প্রক্রিয়ায় কোনো সমস্যা হবে না।
তবে আবুল কাশেম নিজের দায়ের করা মামলার বিচার ও রায় দেখে যেতে পারেননি—এ ঘটনায় তিনি আক্ষেপ প্রকাশ করেন।
মামলার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৩১ অক্টোবর কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে ঢাকায় ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকায় বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এ সময় যমুনা পরিবহনের বাসসহ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার প্রায় সাত বছর পর যমুনা হাই ডিলাক্স পরিবহনের চেয়ারম্যান আবুল কাশেম মিলন বাদী হয়ে ফেনীর তৎকালীন পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর সরকার, আওয়ামী লীগ নেতা ও পুলিশ কর্মকর্তাসহ ২৮ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন।
পরবর্তীতে আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্তের নির্দেশ দেন। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।






