খালেদা জিয়ার স্মৃতি ধরে রাখল আরএমপি, উন্মোচিত ঐতিহাসিক নামফলক

খালেদা জিয়ার ঐতিহাসিক উদ্যোগ স্মরণ, ভূমিদস্যু-মাদক ও চোরাকারবারীদের বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান।
রাজশাহী প্রতিনিধি: প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) প্রতিষ্ঠাকালীন কার্যক্রম উদ্বোধনের ঐতিহাসিক নামফলক পুনঃস্থাপন ও উন্মোচন করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। রাজশাহী মহানগর পুলিশের পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশাসন, পুলিশ ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনশিল্প করপোরেশনের চেয়ারম্যান ও রাজশাহীর সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ইশা এবং জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, রাজশাহীর সার্বিক উন্নয়নে বিএনপি সরকার বিভিন্ন সময়ে বহুমুখী জনকল্যাণমূলক কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করেছে। এর মধ্যে ১৯৯২ সালের ১ জুলাই রাজশাহী মেট্রোপলিটন পুলিশ প্রতিষ্ঠা এবং এর কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা ছিল অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ।
তিনি বলেন, আরএমপির প্রতিষ্ঠালগ্নের ওই ঐতিহাসিক মুহূর্তের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরার উদ্দেশ্যে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতি-সম্বলিত ঐতিহাসিক ফলকটি পুনঃস্থাপন করা হয়েছে।
ভূমিমন্ত্রী বলেন, রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অপরাধ ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। বিশেষ করে ভূমিদস্যুতা, মাদক ব্যবসা ও চোরাচালান নির্মূলে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি অভিযোগ করেন, গত ১৭ বছরে ভূমিদস্যু, মাদক কারবারি ও চোরাকারবারিদের একটি অংশ অবৈধ পন্থায় বিপুল অর্থ-সম্পদের মালিক হয়েছে। রাজশাহীর স্বাভাবিক পরিবেশ, জননিরাপত্তা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের স্বার্থে এসব অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি মহানগরীর আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আধুনিক ও কার্যকর করার ক্ষেত্রে আরএমপির প্রতিষ্ঠা ছিল গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রতিষ্ঠার পর থেকে রাজশাহী মহানগরীর নিরাপত্তা, অপরাধ দমন ও নাগরিক সেবায় সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
ঐতিহাসিক নামফলক পুনঃস্থাপনের মধ্য দিয়ে আরএমপির প্রতিষ্ঠাকালীন সেই স্মরণীয় অধ্যায় নতুন করে স্মরণ করা হলো। অনুষ্ঠানের মাধ্যমে একই সঙ্গে নগরীর আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।







