ইতিহাসের শিক্ষা নিলে হাসিনাকে পালাতে হতো না: তথ্যমন্ত্রী

প্রেসক্লাবে বই প্রকাশনা অনুষ্ঠানে জহির উদ্দিন স্বপনের মন্তব্য

টুইট ডেস্ক: ইতিহাস থেকে শিক্ষা নিলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হতো না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শুক্রবার (২১ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক ও লেখক ইমরুল কায়েস রচিত ‘তারেক রহমান: নিষিদ্ধ সময়ে নিষিদ্ধ প্রচার’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ‘মাতৃভাষা প্রকাশ’ অনুষ্ঠানটির আয়োজন করে।

জহির উদ্দিন স্বপন বলেন, সত্য, চিন্তা ও জনগণের রাজনৈতিক স্পৃহাকে শক্তি প্রয়োগ কিংবা আইনি নিষেধাজ্ঞার মাধ্যমে কখনো চিরতরে দমিয়ে রাখা যায় না। ফ্যাসিবাদী মনোজগৎ সাময়িকভাবে কাউকে নিষিদ্ধ করতে বা জনগণকে বিভ্রান্ত করতে পারে, কিন্তু চিরদিন সত্যকে বন্দি করে রাখা সম্ভব নয়।

তিনি বলেন, প্রকৃতি ও স্রষ্টার আইন নিজস্ব গতিতে চলে। ইতিহাসে যারা স্বৈরাচারী শাসনের মাধ্যমে মানুষের রাজনৈতিক আকাঙ্ক্ষা দমনের চেষ্টা করেছেন, তাদের অনেকেরই শেষ পরিণতি ভয়াবহ হয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, তারেক রহমানকে ঘিরে প্রকাশিত বইটি মূলত স্বৈরাচারী ও ফ্যাসিবাদী মনোজগতের বিরুদ্ধে ঐতিহাসিক সত্যের একটি দলিল। রাজনৈতিক নিপীড়ন ও কঠোর নিষেধাজ্ঞার মধ্যেও তারেক রহমান ও তার পরিবারের আত্মত্যাগ গণতন্ত্রের প্রতি জনগণের আগ্রহ ও রাজনৈতিক স্পৃহাকে আরও শক্তিশালী করেছে।

ইতিহাস থেকে শিক্ষা না নেওয়ার পরিণতি তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, হিটলারসহ ইতিহাসের অনেক শাসক সময়ের শিক্ষা গ্রহণ করেননি। তাদের পরিণতি ছিল ভয়াবহ। শেখ হাসিনাও ইতিহাস থেকে শিক্ষা নেননি বলেই জনগণের ম্যান্ডেট হারিয়ে তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস ও পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব।

এ ছাড়া বক্তব্য দেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট নজমুল হক নান্নু এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী।

বাংলাভিশনের প্রধান সম্পাদক ড. আবদুল হাই সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাতৃভাষা প্রকাশের প্রকাশক নেসার উদ্দীন আয়ূব। বইটির লেখক ইমরুল কায়েসও অনুষ্ঠানে নিজের অনুভূতি প্রকাশ করেন।