রাজশাহীতে ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা ছাঁটাই

নাগরিকদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়কে বিশেষ কার্যক্রম
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর বিভিন্ন সড়কে ঝুঁকিপূর্ণ ও অপ্রয়োজনীয় বড় গাছের ডালপালা ছাঁটাই করেছে রাজশাহী সিটি করপোরেশন। নাগরিকদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফায়ার সার্ভিসের সহযোগিতায় শুক্রবার (২১ আগস্ট) এ কার্যক্রম পরিচালনা করা হয়।
রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা শনাক্ত করে ছাঁটাই করা হয়। সড়কের ওপর ঝুলে থাকা বড় ও ঝুঁকিপূর্ণ ডালপালা অপসারণের ফলে যানবাহন ও পথচারীদের চলাচলে দুর্ঘটনার ঝুঁকি কমবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বিশেষ করে ঝড়-বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ায় বড় গাছের ডাল ভেঙে সড়কে পড়ে যান চলাচল ব্যাহত হওয়া কিংবা পথচারীদের আহত হওয়ার আশঙ্কা থাকে। এ ধরনের ঝুঁকি বিবেচনায় নিয়ে নগরবাসীর নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে কার্যক্রমটি পরিচালনা করা হয়েছে।
সিটি করপোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, নগরীর সড়ক ও জনসাধারণের চলাচল নিরাপদ রাখতে প্রয়োজন অনুযায়ী এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।






