সবুজায়নের প্রত্যয়ে সিরাজগঞ্জে পুনাকের বৃক্ষরোপণ কর্মসূচি

শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির চারা বিতরণ; বৃক্ষরোপণের পাশাপাশি রোপিত গাছের পরিচর্যা ও সংরক্ষণের আহ্বান।
সিরাজগঞ্জ, ২০ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার: সবুজায়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষার প্রত্যয়ে সিরাজগঞ্জে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টায় সিরাজগঞ্জ জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ‘সবুজায়নের প্রত্যয়ে গাছের চারা বিতরণ’ শীর্ষক এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের (ডিআইজি) সহধর্মিণী ও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাজশাহী রেঞ্জের উপদেষ্টা মিসেস শামীম আরা হক।
প্রধান অতিথির বক্তব্যে শামীম আরা হক পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, শুধু গাছের চারা রোপণ করলেই হবে না; রোপণের পর গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। গাছের বেড়ে ওঠার জন্য নিয়মিত পানি দেওয়া, পরিচর্যা এবং প্রয়োজনীয় সুরক্ষার বিষয়েও গুরুত্ব দিতে হবে।
তিনি শিক্ষার্থীদের পরিবেশ সুরক্ষায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। শিক্ষার্থীরা নিজেদের পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় বৃক্ষরোপণ এবং রোপিত গাছের পরিচর্যায় অন্যদেরও উৎসাহিত করতে পারে বলে তিনি উল্লেখ করেন।
বক্তব্য শেষে প্রধান অতিথি উপস্থিত শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন। পরে তিনি সিরাজগঞ্জ জেলা পুলিশ লাইন্স কম্পাউন্ডে একটি গাছের চারা রোপণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, রাজশাহীর সহধর্মিণী ও রাজশাহী জেলা পুনাকের সভানেত্রী জনাব তাপসী রাবেয়া।
এ ছাড়া সিরাজগঞ্জ জেলা পুনাকের অন্যান্য সদস্য, পুলিশ সদস্য এবং শিক্ষার্থীরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ একটি গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে শুধু বৃক্ষরোপণ নয়, রোপিত গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণেও সবাইকে এগিয়ে আসতে হবে।






