মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি, বাগমারায় ব্যবসায়ীকে জরিমানা

ছবি: নিজস্ব প্রতিনিধি

তাহেরপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; ভোক্তা অধিকার আইনে জরিমানা, ব্যবসায়ীদের মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি না করার সতর্কতা।

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কৃষকদের নিরাপদ ও মানসম্মত কৃষি উপকরণ সরবরাহ নিশ্চিত করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার তাহেরপুর পৌরসভার তাহেরপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে বাগমারা উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাহাদাৎ হোসেন এবং তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (নিরস্ত্র) এনামুল উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে বাজারের অন্যান্য ব্যবসায়ীদের মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।