প্যারোলে মুন্সীগঞ্জ কারাগার থেকে ঢাকায় দীপু মনি

১২ ঘণ্টার প্যারোলে সকাল ৬টা ১৫ মিনিটে কঠোর নিরাপত্তায় পুলিশ পাহারায় ঢাকার উদ্দেশে পাঠানো হয়েছে সাবেক শিক্ষামন্ত্রীকে।
টুইট ডেস্ক: সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দিয়ে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে ঢাকায় পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টা ১৫ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্যে পুলিশ পাহারায় তাকে ঢাকার উদ্দেশে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফারহাদ।
জেল সুপার জানান, ডা. দীপু মনির প্যারোলে মুক্তির জন্য বুধবার জেলা প্রশাসকের কাছে আবেদন করেন তার মেয়ে তনী দীপাভলী নেওয়াজ। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি দেওয়া হয়।
নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তার প্যারোল কার্যকর থাকবে। কারাগারের নিয়ম অনুযায়ী পুলিশ পাহারায় তাকে মুন্সীগঞ্জ থেকে ঢাকায় পাঠানো হয়েছে।
জেল সুপার আরও জানান, প্যারোলের নির্ধারিত সময় শেষ হলে ডা. দীপু মনিকে পুনরায় মুন্সীগঞ্জ জেলা কারাগারে ফিরিয়ে আনার কথা রয়েছে।
কারাগার সূত্র জানায়, প্যারোলে মুক্তির পুরো সময়জুড়ে সংশ্লিষ্ট নিরাপত্তা ও কারা বিধি অনুসরণ করা হবে।






