রাজশাহী রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রমের প্রশংসা আইসিআরসি প্রতিনিধির

রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আইসিআরসি হেড অব ডেলিগেশনের মতবিনিময়।

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান মাহাফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) হেড অব ডেলিগেশন নিকোলাস ফ্লিউরি।

রোববার (১৬ আগস্ট) বিকেলে রাজশাহী নগর ভবনে প্রশাসকের দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে মাহাফুজুর রহমান রিটন আইসিআরসির হেড অব ডেলিগেশন নিকোলাস ফ্লিউরিকে শুভেচ্ছা স্মারক উপহার দেন।

এর আগে বিকেল সাড়ে ৩টায় নগর ভবনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যালয়ে ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে আইসিআরসি হেড অব ডেলিগেশনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান মাহাফুজুর রহমান রিটন।

মতবিনিময় সভায় রাজশাহী সিটি ইউনিটের বিভিন্ন মানবিক কার্যক্রম, স্বেচ্ছাসেবকদের ভূমিকা এবং সংকটকালীন সময়ে মানুষের পাশে দাঁড়ানোর বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে মানবিক সহায়তা কার্যক্রম আরও কার্যকর ও সমন্বিত করার বিষয়েও মতবিনিময় করা হয়।

সভায় নিকোলাস ফ্লিউরি রাজশাহীর প্রাকৃতিক সৌন্দর্য ও পরিচ্ছন্ন পরিবেশের প্রশংসা করেন। পাশাপাশি রাজশাহী কারাগারে আটক বিদেশি নাগরিকদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ নিশ্চিত করতে আইসিআরসির মানবিক কার্যক্রম নিয়েও আলোচনা করেন তিনি।

মতবিনিময়কালে জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজশাহী সিটি ইউনিটের স্বেচ্ছাসেবকদের ভূমিকারও প্রশংসা করেন নিকোলাস ফ্লিউরি। ওই সময় অ্যাম্বুলেন্স সেবাসহ বিভিন্ন মানবিক কার্যক্রমে স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণের কথা উল্লেখ করে তিনি বলেন, সংকটময় পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানো রেড ক্রিসেন্টের মানবিক মূল্যবোধের গুরুত্বপূর্ণ প্রতিফলন।

এ সময় রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু, সেক্রেটারি ডা. মুহাম্মদ শামীম হোসেন চৌধুরী, কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক ড. পারভেজ আজাহারুল হক ও শেখ মো. মামুন, ইউনিট লেভেল কর্মকর্তা মির্জা শামীম মহসিন, আইসিআরসির হেলথ প্রোগ্রাম ম্যানেজার ডা. জেলিসা খানমসহ সিটি ইউনিটের স্বেচ্ছাসেবকেরা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎ ও মতবিনিময়ের মধ্য দিয়ে রাজশাহীতে মানবিক কার্যক্রম জোরদার, সংকটকালীন সময়ে স্বেচ্ছাসেবকদের ভূমিকা এবং প্রয়োজনীয় জনগোষ্ঠীর জন্য সহায়তা নিশ্চিত করার বিষয়ে পারস্পরিক সহযোগিতার গুরুত্ব উঠে আসে।