রাবির ভর্তি পরীক্ষা শুরু ৮ জানুয়ারি, আবেদন ১২ নভেম্বর

সাত শহরে ভর্তি পরীক্ষা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত; আবেদন চলবে ২৭ নভেম্বর পর্যন্ত।
নিজস্ব প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ২০২৭ সালের ৮ জানুয়ারি থেকে শুরু হতে পারে। ভর্তি উপকমিটির প্রস্তাব অনুযায়ী, ৮ জানুয়ারি ‘বি’ ইউনিট, ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট এবং ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের পরীক্ষা নেওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত ভর্তি উপকমিটির সভায় এ প্রস্তাব করা হয়। একই সঙ্গে ১২ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ভর্তির আবেদন গ্রহণের প্রস্তাব করা হয়েছে।
ভর্তি পরীক্ষার বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট—এই সাত শহরে পরীক্ষা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. এস এম কামরুজ্জামান জানান, ভর্তি উপকমিটি সম্ভাব্য তারিখ ও আবেদন কার্যক্রমের প্রস্তাব ভর্তি কমিটির কাছে পাঠিয়েছে। ভর্তি কমিটির অনুমোদনের পর পরীক্ষার তারিখ, আবেদন ও কেন্দ্রসংক্রান্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।






