২ হাজার ১০০ পিস ইয়াবাসহ রাজশাহীতে দম্পতি গ্রেপ্তার

ফ্ল্যাটে অভিযান, ২১০ গ্রাম অ্যামফিটামিনযুক্ত ইয়াবা জব্দ
নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার ১০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় নগরীর লক্ষ্মীপুর প্যারামেডিকেল রোডের ম্যাংগো টাওয়ারের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মোসাঃ জান্নাতুল ফেরদৌসী রত্না (২৯) ও তাঁর স্বামী মোঃ আসাদুজ্জামান (৩৮)।
ডিএনসি সূত্র জানায়, দীর্ঘদিন গোয়েন্দা নজরদারির পর গোপন সংবাদের ভিত্তিতে ওই ফ্ল্যাটে অভিযান চালানো হয়। রাজশাহী জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ মেহেদী হাসানের তত্ত্বাবধানে এবং পরিদর্শক এ.এস.এম মঈনউদ্দীন কবিরের নির্দেশনায় উপপরিদর্শক আল আমিনের নেতৃত্বে বিশেষ আভিযানিক দল অভিযানটি পরিচালনা করে।
অভিযানে গ্রেপ্তার দম্পতির হেফাজতে থাকা জিপারযুক্ত পলি প্যাকেট ও টিস্যু ব্যাগ থেকে ২ হাজার ১০০ পিস কমলা রঙের অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দ করা ইয়াবার মোট ওজন ২১০ গ্রাম।
ডিএনসি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিল বলে তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
রাজশাহী জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ মেহেদী হাসান জানান, জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য বিশ্লেষণ করে মাদক কারবারের সঙ্গে জড়িত অন্য সদস্যদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে। মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






