বেগম খালেদা জিয়ার জন্মদিন স্মরণে অগ্রণী স্কুলে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পেইন

অগ্রণী স্কুল অ্যান্ড কলেজে রাজশাহী ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির উদ্যোগে আয়োজন

নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন স্মরণে রাজশাহীর অগ্রণী স্কুল অ্যান্ড কলেজে বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে রাজশাহী ইজিবাইক মালিক ও শ্রমিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে এ চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।

আয়োজকরা জানান, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার সুযোগ বাড়ানো এবং অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছে। শিবিরে আগত রোগীদের চিকিৎসকদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসাসেবা দেওয়া হয়।

আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের কর্মসূচি আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

এ সময় রাজশাহী ইজিবাইক মালিক ও শ্রমিক কল্যাণ সমবায় সমিতির নেতৃবৃন্দ, চিকিৎসক, স্বেচ্ছাসেবক ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।