বাগমারায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ

নদীতে মাছ ও জলজ প্রাণী রক্ষায় মোবাইল কোর্টের অভিযান, জব্দ ৫৫টি জাল

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল দিয়ে মাছ ও জলজ প্রাণী ধ্বংসের অভিযোগে অভিযান চালিয়ে ৫৫টি জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে জব্দ করা জালগুলো ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১টা পর্যন্ত ভবানীগঞ্জ পৌরসভার ফকিরনী নদী (রানী নদী) ও বারনই নদীর সংযোগস্থলে এ অভিযান পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে নিষিদ্ধ ৫৫টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। জব্দ করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা।

উপজেলা প্রশাসন জানায়, চায়না দুয়ারী জালের ফাঁস অত্যন্ত সূক্ষ্ম হওয়ায় মাছের পাশাপাশি বিভিন্ন প্রজাতির জলজ প্রাণী ও ছোট মাছের পোনা এতে আটকা পড়ে। ফলে নদী ও জলাশয়ের জীববৈচিত্র্য এবং মাছের স্বাভাবিক প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে।

মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর আওতায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা মৎস্য কর্মকর্তা আখতারুজ্জামান এবং বাগমারা থানার উপপরিদর্শক (নিরস্ত্র) রুবেল।

সংশ্লিষ্টরা জানান, মৎস্যসম্পদ ও জলজ প্রাণীর প্রজনন এবং স্বাভাবিক বিচরণ নিশ্চিত করতে নিষিদ্ধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।