কচুয়ায় এসএসসি ফল প্রকাশের পর শিক্ষার্থীর আত্মহত্যা

ঘরের দরজা ভেঙে মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : চাঁদপুরের কচুয়া পৌরসভার কোয়া চাঁদপুর গ্রামে নাহিদা আক্তার নামে এক শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে উপজেলার কোয়া চাঁদপুর গ্রামের কালাগাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত নাহিদা আক্তার উপজেলার তুলপাই গ্রামের মো. বিল্লাল হোসেনের মেয়ে। তিনি পাশের চান্দিনা উপজেলার কৈলান উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেন। বর্তমানে তিনি তার মা ও বোনের সঙ্গে নানার বাড়ি কোয়া চাঁদপুর গ্রামে থাকতেন।

নিহতের মা নুরুন্নাহার বেগম জানান, তিনি কচুয়া টাওয়ার ও ডায়াগনস্টিক হসপিটালে আয়া পদে চাকরি করেন। শুক্রবার সকাল ৯টার দিকে ডিউটি শেষে বাড়িতে ফিরে ঘরের দরজা বন্ধ দেখতে পান। মেয়ের নাম ধরে একাধিকবার ডাকলেও কোনো সাড়া না পেয়ে পরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। এ সময় মেয়েকে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান।

নুরুন্নাহার বেগম আরও জানান, সম্প্রতি এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর জানতে পারেন তার মেয়ে তিন বিষয়ে অকৃতকার্য হয়েছে। তবে পরীক্ষায় ফেল করার বিষয়টি নিয়ে তিনি মেয়েকে কোনো কথা বলেননি বা বকাঝকা করেননি।

স্থানীয়রা জানান, নাহিদার বাবা মো. বিল্লাল হোসেন দ্বিতীয় বিয়ে করার পর তার মা ও সন্তানদের নিয়মিত খোঁজখবর রাখতেন না। নুরুন্নাহার বেগম একটি বেসরকারি হাসপাতালে আয়া পদে চাকরি করে দুই মেয়ের দেখাশোনা করতেন। আত্মহত্যার আগে নাহিদা তার বাবা বিল্লাল হোসেনের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছিলেন বলেও স্থানীয়রা জানান।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ এবং এর পেছনে অন্য কোনো বিষয় রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশ কাজ করছে।