নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে?

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ দায়িত্ব পালন করায় মির্জা ফখরুলকে শপথ পড়ানোর দায়িত্ব ডেপুটি স্পিকারের ওপর পড়তে পারে
টুইট ডেস্ক: রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বিএনপি। মনোনয়ন ঘোষণার পর দলের মহাসচিব ও মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। সবকিছু ঠিক থাকলে রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণের আগে তাকে শপথ নিতে হবে।
তবে নতুন রাষ্ট্রপতিকে কে শপথ পড়াবেন, তা নিয়ে সামনে এসেছে গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্ন।
বর্তমানে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদ অনুযায়ী, স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করলে তার সংসদীয় কার্যাবলি ডেপুটি স্পিকার পালন করেন।
অন্যদিকে সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী, তৃতীয় তফসিলে উল্লেখিত পদে দায়িত্ব গ্রহণের আগে নির্ধারিত শপথ নিতে হয়। তৃতীয় তফসিলে রাষ্ট্রপতির শপথ পড়ানোর দায়িত্ব স্পিকারের ওপর ন্যস্ত করা হয়েছে।
এই সাংবিধানিক কাঠামোর কারণে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ যেহেতু বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে রয়েছেন, তাই সংসদের স্পিকারের কার্যাবলি পালন করছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
ফলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হলে তাকে শপথ পড়ানোর দায়িত্ব ডেপুটি স্পিকার কায়সার কামালের ওপর পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
কায়সার কামাল এর আগে বিএনপির আইন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে মির্জা ফখরুল দীর্ঘদিন বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অর্থাৎ রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের আগে বিএনপির সাবেক আইন সম্পাদকের কাছেই শপথ নিতে পারেন দলটির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্ব বদলের এই প্রক্রিয়ায় বিএনপির দুই নেতাকে ঘিরে তৈরি হতে পারে ব্যতিক্রমী রাজনৈতিক ও সাংবিধানিক দৃশ্যপট।
তবে শপথ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা ও সাংবিধানিক প্রক্রিয়া চূড়ান্তভাবে কীভাবে সম্পন্ন হবে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।






