চারঘাটে ডিবির অভিযানে ২০০ বোতল এসকাফসহ গ্রেপ্তার ২

৩ লাখ টাকা মূল্যের মাদক উদ্ধার, রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ; পলাতক আরও ২
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর চারঘাটে অভিযান চালিয়ে ২০০ বোতল কোডিনযুক্ত মাদকদ্রব্য এসকাফসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল ও মাদক বহনে ব্যবহৃত একটি প্লাস্টিকের ব্যাগ জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চারঘাট থানার খোর্দ্দগোবিন্দপুর এলাকার মো. পলাশ এবং ঝিকরা উত্তরপাড়া এলাকার মো. জনি। এ ঘটনায় মো. সম্রাট ইসলাম ও মো. তুষার আহাম্মেদ নামে আরও দুজনকে পলাতক আসামি করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের এজাহার সূত্রে জানা যায়, বুধবার (১৩ আগস্ট) ভোরে চারঘাট থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালাচ্ছিল ডিবির একটি দল। ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, খোর্দ্দগোবিন্দপুর এলাকায় একটি বাড়ির উঠানে কয়েকজন মাদক ব্যবসায়ী এসকাফ বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।
পরে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন পলাশ ও জনি। এ সময় তাঁদের আটক করা হয়। পলাশের হেফাজতে থাকা একটি খাকি রঙের কার্টন ও জনির কাছ থেকে একটি সাদা প্লাস্টিকের ব্যাগ জব্দ করা হয়।
পুলিশ জানায়, কার্টনের ভেতর থেকে ১৫০ বোতল এবং প্লাস্টিকের ব্যাগ থেকে ৫০ বোতল, মোট ২০০ বোতল এসকাফ উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে থাকায় উদ্ধার করা মাদকের পরিমাণ ২০ হাজার মিলিলিটার। জব্দ করা এসকাফের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ টাকা।
অভিযানে একটি রেজিস্ট্রেশনবিহীন নীল রঙের টিভিএস মেট্রো প্লাস ১১০ সিসি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। এর আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা।
এজাহারে বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন জানিয়েছেন, পলাতক আসামি সম্রাট ইসলাম ও তুষার আহাম্মেদের কাছ থেকে তাঁরা ওই মাদক সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।
পুলিশের দাবি, গ্রেপ্তার ও পলাতক আসামিরা পরস্পর যোগসাজশে কোডিনযুক্ত মাদকদ্রব্য পরিবহন ও বিক্রির উদ্দেশ্যে নিজেদের দখলে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ করেছেন।
এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) মো. আশাফুল ইসলাম বাদী হয়ে চারঘাট মডেল থানায় মামলা করার জন্য এজাহার দাখিল করেছেন।
এজাহারে সিডিএমএস যাচাইয়ের বরাত দিয়ে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা থাকার তথ্য উল্লেখ করা হয়েছে। পলাতক দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।







