দেশের পাঁচ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

টুইট ডেস্ক: দেশের পাঁচ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাস অনুযায়ী, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ অবস্থায় ওই পাঁচ জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সময় নদীপথে চলাচলকারী নৌযানকে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবেও দেশের উপকূলীয় অঞ্চলে বৈরী আবহাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে দেশের চার সমুদ্রবন্দর-চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।