ট্রাম্পের প্রেস সেক্রেটারি পদ ছাড়ছেন লেভিট

দুই সন্তান ও পরিবারের সঙ্গে আরও সময় কাটাতে হোয়াইট হাউস ছাড়ার সিদ্ধান্ত ২৮ বছর বয়সী এই কর্মকর্তার

টুইট ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট চলতি আগস্টের শেষেই হোয়াইট হাউসের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন। দুই সন্তান ও পরিবারের সঙ্গে আরও সময় কাটানোর জন্যই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। খবর বিবিসির।

২৮ বছর বয়সী লেভিট ট্রাম্প প্রশাসনের অন্যতম আস্থাভাজন কর্মকর্তা হিসেবে পরিচিত। ২০২৫ সালে প্রেস সেক্রেটারির দায়িত্ব নেওয়ার পর তিনি হোয়াইট হাউসের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প লেভিটের প্রশংসা করে তাকে হোয়াইট হাউসের ইতিহাসের অন্যতম সেরা প্রেস সেক্রেটারি হিসেবে উল্লেখ করেছেন।

লেভিট গত মে মাসে দ্বিতীয় সন্তানের মা হন। এরপর পরিবারকে আরও বেশি সময় দেওয়ার বিষয়টি তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সেই বিবেচনাতেই হোয়াইট হাউসের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

তবে হোয়াইট হাউস ছাড়লেও ট্রাম্প প্রশাসন ও রিপাবলিকান রাজনীতি থেকে পুরোপুরি সরে যাচ্ছেন না লেভিট। ট্রাম্প জানিয়েছেন, তিনি তার অন্যতম শীর্ষ উপদেষ্টা হিসেবে কাজ চালিয়ে যাবেন। পাশাপাশি রিপাবলিকান পার্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

এদিকে লেভিটের পদত্যাগের পর হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি কে হবেন, তা এখনো জানানো হয়নি।