মা-হারা শিশুর পাশে ইউএনও উম্মে হাবিবা ফারজানা

অসহায় পরিবারের ঘরে গিয়ে নগদ অর্থ, খাদ্যসামগ্রী ও ফলমূল সহায়তা; শিশুটির চিকিৎসার উদ্যোগ

টুইট ডেস্ক: রাজশাহীর দুর্গাপুর উপজেলার কিসমত গনকৈড় ইউনিয়নের গোপালপাড়া গ্রামে অসহায় এক মা-হারা শিশুর পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা ফারজানা। শিশুটির দুরবস্থার খবর পেয়ে বুধবার (১২ আগস্ট) সকালে তিনি সরেজমিনে ওই পরিবারের বাড়িতে গিয়ে খোঁজখবর নেন এবং তাৎক্ষণিকভাবে আর্থিক ও খাদ্যসহায়তা প্রদান করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালপাড়া গ্রামের আল-আমিনের স্ত্রী রিপা (২২) বেশ কিছুদিন ধরে নিখোঁজ রয়েছেন। ফলে তাঁর দুই বছর বয়সী কন্যাশিশু সিন্থিয়া মাতৃহীন অবস্থায় রয়েছে। শিশুটি শারীরিকভাবে অসুস্থ এবং নিজে হাঁটাচলা করতে পারে না। একই সঙ্গে পরিবারটির আর্থিক অবস্থাও অত্যন্ত দুর্বল।

শিশুটির এমন পরিস্থিতির কথা জানতে পেরে স্থানীয় গ্রাম পুলিশ রাজু আহমেদ বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। খবর পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে বুধবার সকালে শিশুটিকে দেখতে তাঁর বাড়িতে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা ফারজানা।

সেখানে গিয়ে তিনি শিশুটির শারীরিক অবস্থা, পরিবারের আর্থিক সংকট এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। পরে পরিবারের হাতে নগদ পাঁচ হাজার টাকা, খাদ্যসামগ্রী ও ফলমূল তুলে দেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা ফারজানা বলেন, “সকালে শিশুটিকে দেখতে তাদের বাসায় গিয়েছিলাম। পরিবারের আর্থিক স্বচ্ছলতা না থাকায় নগদ অর্থ ও খাদ্যসহায়তা দেওয়া হয়েছে। শিশুটির চিকিৎসা প্রয়োজন। এ জন্য পরিবারটিকে উপজেলা কার্যালয়ে আসতে বলা হয়েছে। তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের ভাষ্য, দায়িত্ব গ্রহণের পর থেকেই সামাজিক ও মানবিক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিশেষ করে অসহায় ও দরিদ্র মানুষের দুর্দশার খবর পেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার কারণে স্থানীয় পর্যায়ে তাঁর প্রতি সাধারণ মানুষের আস্থা ও প্রশংসা বেড়েছে।

প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি মানবিক সংকটে দ্রুত সাড়া দেওয়ার এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের প্রত্যাশা, মা-হারা অসুস্থ শিশুটির চিকিৎসা ও ভবিষ্যৎ সুরক্ষায় প্রশাসনের সহায়তা অব্যাহত থাকবে।