গ্রামীণ সরকারি স্কুল উন্নয়নে ১৫ আগস্ট থেকে সিজেপির প্রচারাভিযান

‘সরপঞ্চ চ্যালেঞ্জ’ কর্মসূচিতে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে স্থানীয় নেতৃত্বকে সম্পৃক্ত করার উদ্যোগ

টুইট ডেস্ক: ভারতের গ্রামীণ সরকারি বিদ্যালয়গুলোর অবকাঠামো ও শিক্ষার পরিবেশ উন্নয়নে দেশব্যাপী প্রচারাভিযান শুরু করতে যাচ্ছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। আগামী ১৫ আগস্ট ভারতের ৮০তম স্বাধীনতা দিবসে মহারাষ্ট্রের হিঙ্গোলি গ্রাম থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হবে।

সোমবার এক ভিডিও বার্তায় সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এ কর্মসূচির ঘোষণা দেন। তিনি সরকারি বিদ্যালয়গুলোর মৌলিক সুযোগ-সুবিধা নিয়ে সামাজিক নিরীক্ষা চালাতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি নিজ নিজ এলাকার বিদ্যালয়ের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতে গ্রামপ্রধানদের প্রতি আহ্বান জানান তিনি।

অভিজিৎ দীপকে বলেন, স্বাধীনতার ৮০ বছর পরও ভারতের গ্রামীণ সরকারি বিদ্যালয়গুলো অবহেলিত। অনেক শিশুকে এখনো দীর্ঘ পথ পাড়ি দিয়ে বিদ্যালয়ে যেতে হয়। বিভিন্ন বিদ্যালয়ে নিরাপদ পানীয় জল ও শৌচাগারের মতো মৌলিক সুবিধারও ঘাটতি রয়েছে।

‘সরপঞ্চ চ্যালেঞ্জ’

সিজেপির ঘোষিত এ প্রচারাভিযানের নাম দেওয়া হয়েছে ‘সরপঞ্চ চ্যালেঞ্জ’। কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন গ্রামের গ্রামপ্রধানদের সরকারি বিদ্যালয়ের অবকাঠামো ও শিক্ষার পরিবেশ উন্নয়নে উদ্যোগ নিতে উৎসাহিত করা হবে।

বিদ্যালয়ের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা গ্রামপ্রধানদের প্রকাশ্যে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনাও রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে উন্নয়নের আগে ও পরের ছবি প্রকাশ করে সংশ্লিষ্টদের অবদান তুলে ধরবে সংগঠনটি।

সিজেপির প্রতিষ্ঠাতা জানান, তিনি নিজেও হিঙ্গোলির সংশ্লিষ্ট গ্রামপ্রধানের সঙ্গে সরকারি বিদ্যালয়ের উন্নয়ন নিয়ে আলোচনা করবেন।

বিভিন্ন কর্মসূচিতে আলোচনায় সিজেপি

ব্যঙ্গাত্মক অনলাইন মঞ্চ হিসেবে যাত্রা শুরু করলেও পরবর্তী সময়ে বিভিন্ন সামাজিক ইস্যুতে মাঠপর্যায়ের কর্মসূচির মাধ্যমে আলোচনায় আসে সিজেপি।

সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে দিল্লির যন্তরমন্তরে সংগঠনটির ৩৬ দিনের আন্দোলন গত ২৫ জুলাই শেষ হয়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর আন্দোলন প্রত্যাহার করে সংগঠনটি।

এদিকে সিজেপিকে ঘিরে কেন্দ্রীয় তদন্ত সংস্থার তদন্ত এবং আদালতের একটি মন্তব্যের অনুমতিহীন বাণিজ্যিক ব্যবহারের অভিযোগে করা একটি আবেদন ভারতের সুপ্রিম কোর্টে শুনানির জন্য গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ এ বিষয়ে নোটিশ জারি করে কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, কেন্দ্রীয় তদন্ত সংস্থা এবং বার কাউন্সিল অব ইন্ডিয়ার কাছে জবাব চেয়েছেন।

আবেদনে গত ১৫ মে আদালতকক্ষে প্রধান বিচারপতির করা ‘ককরোচ’ মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।