দুর্গাপুরে ফ্যামিলি কার্ড শুমারির চূড়ান্ত ফল প্রকাশ

নির্বাচিত, সংরক্ষিত ও অপেক্ষমাণ প্রার্থীদের তালিকা প্রকাশ; সরকারি বিধি মেনেই ফলাফল—ইউএনও

 

টুইট ডেস্ক: রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর তথ্য সংগ্রহকারী ও তত্ত্বাবধায়ক পদে স্বেচ্ছাসেবী নিয়োগের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এ ফলাফল প্রকাশ করা হয়। ফলাফলে নির্বাচিত, সংরক্ষিত ও অপেক্ষমাণ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আ.ন.ম. রাকিবুল ইউসুফ, উপজেলা একাডেমিক তত্ত্বাবধায়ক মহিদুল ইসলাম এবং উপজেলা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি কর্মকর্তা মেহেদী হাসান ফলাফলে স্বাক্ষর করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় বাস্তবায়িত ফ্যামিলি কার্ড শুমারি তথ্যভাণ্ডার কর্মসূচির আওতায় দুর্গাপুর উপজেলার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে তথ্য সংগ্রহ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে আবেদনকারীদের দাখিল করা কাগজপত্র যাচাই-বাছাইয়ের পর ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা নেওয়া হয়। এসব পরীক্ষার ফলাফলের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের নির্বাচিত, সংরক্ষিত ও অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।

উল্লেখ্য, দুর্গাপুর উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে স্বেচ্ছাসেবী তথ্য সংগ্রহকারী ও তত্ত্বাবধায়ক পদে প্রথম পর্যায়ের নিয়োগ পরীক্ষা গত ২৫ জুলাই শনিবার সকাল ১১টায় দুর্গাপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

এরপর দ্বিতীয় পর্যায়ের নিয়োগ পরীক্ষা ২৮ জুলাই মঙ্গলবার বিকেল ৩টায় একই বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্যায়ের ব্যবহারিক পরীক্ষার পর ওই দিনই মৌখিক পরীক্ষা নেওয়া হয়। প্রথম পর্যায়ের ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ২ আগস্ট।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা ফারজানা বলেন, সরকারি নীতিমালা ও বিধিবিধান অনুসরণ করে যাচাই-বাছাই এবং পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।