তারেক রহমানকে ‘কথিত প্রধানমন্ত্রী’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

টুইট ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম ও কক্সবাজার সফর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তাকে ‘কথিত প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

রোববার (৯ আগস্ট) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, গণভোটের রায় বাস্তবায়ন না করার অভিযোগের মধ্যেই ‘কথিত প্রধানমন্ত্রী’ তারেক রহমান চট্টগ্রাম ও কক্সবাজার সফরে যাচ্ছেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে দুই অঞ্চলের মানুষের পক্ষ থেকে বেশ কিছু দাবি ও পরামর্শ তুলে ধরেন।

চট্টগ্রাম প্রসঙ্গে পাটওয়ারী জলাবদ্ধতা, যানজট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি চট্টগ্রামের অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দল বন্ধ, পাহাড় কাটা, অবৈধ বালু উত্তোলন, চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

কক্সবাজার প্রসঙ্গে তিনি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত, অবৈধ দখল ও হয়রানি বন্ধ এবং টেকনাফে মাদক ও ইয়াবা ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান। রাজনৈতিক পরিচয়ের কারণে কেউ যেন মাদকসংক্রান্ত অভিযোগে ছাড় না পায়, সে বিষয়েও তিনি ব্যবস্থা নেওয়ার দাবি করেন।

মহেশখালীতে দেশের সার্বভৌমত্বের জন্য ঝুঁকিপূর্ণ কোনো অবৈধ স্থাপনা বা কার্যক্রম থাকলে তা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এনসিপির এই নেতা।

এ ছাড়া হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের সঙ্গে কোনো রাজনৈতিক প্রতিশ্রুতি দেওয়া হলে তা লিখিতভাবে জনগণের সামনে প্রকাশের দাবি জানান তিনি।

পাটওয়ারী তার পোস্টে বলেন, চট্টগ্রাম ও কক্সবাজারের মানুষের প্রত্যাশা ক্ষমতার রাজনীতি নয়; বরং জনগণের নিরাপত্তা, উন্নয়ন, সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করা। জনগণ এখন শুধু বক্তব্য নয়, কাজের প্রমাণ দেখতে চায়।