আবারও হরমুজ প্রণালিতে ট্যাংকার বিস্ফোরণ

ওমান উপকূলের কাছে দুটি বিস্ফোরণের খবর ইউকেএমটিওর তদন্ত শুরু

টুইট ডেস্ক: বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালিতে আবারও একটি ট্যাংকারের কাছ থেকে দুটি বিস্ফোরণের শব্দ শোনার খবর পাওয়া গেছে। তবে এ ঘটনায় জাহাজটির কোনো ক্ষতি হয়নি এবং নাবিকরা সবাই নিরাপদ রয়েছেন।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস ইউকেএমটিও জানিয়েছে ওমানের কুমজার উপকূলের কাছে এ ঘটনা ঘটে।

ইউকেএমটিওর তথ্যমতে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় ট্যাংকারটির মাস্টার বা ক্যাপ্টেন পরপর দুটি বিস্ফোরণের শব্দ শুনতে পান। পরে তিনি বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করেন।

এক বিবৃতিতে ইউকেএমটিও জানায় প্রাপ্ত তথ্য অনুযায়ী জাহাজের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং সব নাবিক নিরাপদ রয়েছেন।

তবে বিস্ফোরণের উৎস বা এর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানায়নি সংস্থাটি। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।