হাসিনাকে ইঙ্গিত করে সোহেল তাজের কড়া মন্তব্য

নিজের কৃতকর্ম অস্বীকার করে ক্ষমতায় ফেরা প্রায় অসম্ভব বলে মন্তব্য

টুইট ডেস্ক: গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে কড়া মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। তিনি বলেছেন একজন মানুষ কতটা নির্লজ্জ বা বেহায়া হলে নিজের কৃতকর্ম অস্বীকার করে আবার দেশে ফেরার স্বপ্ন দেখাতে পারেন।

বুধবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

স্ট্যাটাসে সোহেল তাজ লেখেন সম্প্রতি তিনি শুনছেন ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছাড়ার পর শেখ হাসিনা আবার দেশে ফেরার কথা বলছেন। তিনি বলেন দেশে আসা আলাদা বিষয় হলেও অতীতের কর্মকাণ্ড অস্বীকার করে মানুষকে বিভ্রান্ত করা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তিনি আরও দাবি করেন গণহত্যা গুম খুন দুর্নীতি গণতন্ত্র ধ্বংস মুক্তিযুদ্ধের চেতনার অপব্যবহার এবং অর্থপাচারের মতো অভিযোগের বিষয়ে কোনো অনুশোচনা বা আত্মসমালোচনা না করে বরং নানা ষড়যন্ত্র তত্ত্ব তুলে ধরা হচ্ছে।

সোহেল তাজ বলেন ইতিহাসে স্বৈরশাসকদের ক্ষমতায় ফিরে আসার ঘটনা খুবই বিরল। তিনি উদাহরণ হিসেবে ব্রাজিলের গেতুলিও ভার্গাস বিজান্টিন সম্রাট জাস্টিনিয়ান দ্বিতীয় এবং মেক্সিকোর আন্তোনিও লোপেজ দে সান্তা আনার নাম উল্লেখ করেন।

পোস্টের শেষাংশে তিনি বলেন শেখ হাসিনা দেশে ফিরতে পারেন তবে তার মতে ক্ষমতায় ফেরার জন্য নয় বরং আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার জন্যই তার দেশে আসা উচিত।