প্রত্যন্ত পাহাড়ি জনপদে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ

গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় প্রশিক্ষণ শুরু
টুইট ডেস্ক: প্রত্যন্ত পাহাড়ি এলাকায় স্বাস্থ্যসেবা সম্প্রসারণে মানবিক উদ্যোগ নিয়েছে বান্দরবান সেনা রিজিয়ন। এ উদ্যোগের অংশ হিসেবে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং প্রাথমিক চিকিৎসাসেবা বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
রোববার সকালে ৭ ফিল্ড অ্যাম্বুলেন্স, সম্মিলিত সামরিক হাসপাতাল এবং সদর দপ্তর ৬৯ পদাতিক ব্রিগেড, বান্দরবান সেনানিবাসের তত্ত্বাবধানে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
প্রশিক্ষণে বান্দরবানের একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের মোট ২০ জন নারী অংশগ্রহণ করছেন। প্রতিটি পাড়া থেকে শিক্ষিত ও আগ্রহী নারীদের বাছাই করে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে তারা নিজ নিজ এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান ও সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারেন।
বান্দরবান একটি দুর্গম পার্বত্য জেলা। অনুন্নত যোগাযোগব্যবস্থা, দুর্গম পাহাড়ি পথ এবং দীর্ঘ দূরত্বের কারণে জরুরি সময়ে রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়া অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। বিশেষ করে গর্ভবতী নারীদের নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা, প্রসবকালীন ঝুঁকি শনাক্ত করা এবং নবজাতকের প্রাথমিক পরিচর্যা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে।
সেনাবাহিনী জানিয়েছে, প্রশিক্ষণপ্রাপ্তরা নিজ নিজ এলাকায় গর্ভবতী নারী ও শিশুদের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে এবং জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসা দিয়ে জীবন রক্ষায় সহায়তা করবেন।
বান্দরবান সেনা রিজিয়নের এই মানবিক উদ্যোগ দুর্গম পার্বত্য অঞ্চলে স্বাস্থ্যসেবার উন্নয়নে দীর্ঘমেয়াদে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় জনগণ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।






