রূপপুর প্রকল্পের অর্থ পরিশোধে ভারতীয় রুপিতে লেনদেনের প্রস্তাব রাশিয়ার

মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে বিকল্প অর্থপ্রদানের পথ খুঁজছে মস্কো-ঢাকা।
বিশ্ব ডেস্ক: মার্কিন নিষেধাজ্ঞার কারণে জটিলতায় পড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের অর্থ পরিশোধ সহজ করতে বাংলাদেশ-রাশিয়ার মধ্যে ভারতীয় রুপিতে বাণিজ্য নিষ্পত্তির একটি প্রস্তাব দিয়েছে মস্কো। ভারত ও রাশিয়ার মধ্যকার বাণিজ্যের একটি অংশ ইতোমধ্যে ভারতীয় রুপিতে নিষ্পত্তি হয়। একইভাবে বাংলাদেশও ভারতের সঙ্গে রুপি, মার্কিন ডলারসহ বিভিন্ন বৈদেশিক মুদ্রায় বাণিজ্য করে থাকে।
জানা যায়, রাশিয়ার ব্যাংকগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ফলে রূপপুর প্রকল্পে নেওয়া ঋণের কিস্তি পরিশোধে সমস্যায় পড়েছে ঢাকা। এই পরিস্থিতিতে অর্থ লেনদেন সহজ করতে বিকল্প হিসেবে ভারতীয় রুপিতে নিষ্পত্তির প্রস্তাব দিয়েছে রাশিয়া।
দুই ইউনিটের ২ হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সম্ভাব্য ব্যয় প্রায় ১৩ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে ৯০ শতাংশ অর্থ রাশিয়া সরকার ঋণ হিসেবে দিচ্ছে। পাশাপাশি প্রকল্পটির জন্য দীর্ঘমেয়াদে পারমাণবিক জ্বালানি সরবরাহ, কারিগরি রক্ষণাবেক্ষণ এবং ব্যবহৃত জ্বালানি ব্যবস্থাপনার দায়িত্বও নিয়েছে রাশিয়া।
ঢাকার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, অর্থপ্রদানের জটিলতা কাটাতে রাশিয়ার প্রস্তাবগুলো চলতি বছরের শেষের দিকে অনুষ্ঠিতব্য দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনায় আসতে পারে।
এছাড়া রাশিয়া বাংলাদেশে নিজেদের একটি ব্যাংকের স্থানীয় শাখা খোলার প্রস্তাব পুনরায় দিয়েছে এবং দ্বিপাক্ষিক লেনদেনের জন্য পৃথক অর্থপ্রদানের অবকাঠামো গড়ে তোলার কথাও জানিয়েছে।
তবে রূপপুর প্রকল্প ছাড়া বাংলাদেশ-রাশিয়ার সামগ্রিক বাণিজ্য এখনো তুলনামূলকভাবে ছোট, যা জাতীয় মুদ্রায় লেনদেনের জন্য বড় কাঠামো তৈরির ক্ষেত্রে একটি সীমাবদ্ধতা হিসেবে বিবেচিত হচ্ছে।
বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে মে সময়ে বাংলাদেশ রাশিয়ায় প্রায় ২৪৫ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে।






