রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত, নির্বাচন কমিশনের তপশিলের পর হবে আনুষ্ঠানিক মনোনয়ন
টুইট ডেস্ক: রাষ্ট্রপতি পদে বিএনপির দলীয় প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী ও দলটির চেয়ারম্যান তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির স্থায়ী কমিটি।
গত শনিবার (১ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা হলে দলের পক্ষ থেকে প্রার্থী চূড়ান্ত করবেন তারেক রহমান।
তিনি বলেন, নির্বাচন কমিশন তপশিল ঘোষণার পর মনোনয়ন প্রক্রিয়া শুরু হবে। সে অনুযায়ী দলের প্রার্থী নির্ধারণের পূর্ণ দায়িত্ব চেয়ারম্যানের ওপর ন্যস্ত করেছে স্থায়ী কমিটি।
দেড় ঘণ্টার বেশি সময় ধরে চলা বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, রাষ্ট্রপতি নির্বাচনসহ বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান এবং অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।






