পাঁচ ধাপে স্থানীয় সরকার নির্বাচন চায় বিএনপি

স্থায়ী কমিটির বৈঠকে নীতিগত সিদ্ধান্ত, রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করবেন তারেক রহমান

টুইট ডেস্ক: আসন্ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে আয়োজনের পক্ষে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটি। একই সঙ্গে দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

দলীয় সূত্র জানায়, বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ চারটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে বিএনপি নেতারা মত দেন, চলতি বছরের শেষ দিকে ভোটগ্রহণ শুরু করে আগামী বছরের মার্চের মধ্যে পাঁচ ধাপে নির্বাচন সম্পন্ন করা যেতে পারে। পাশাপাশি ২০১৫ সালে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক চালুর অভিজ্ঞতার আলোকে এবার দলীয় প্রতীক ছাড়া প্রার্থী হওয়ার সুযোগ রাখার নীতিগত অবস্থানও গ্রহণ করেছে দলটি। তবে প্রতিটি এলাকায় একক প্রার্থী নির্ধারণে জেলা ও থানা বিএনপিকে দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। তারা ব্যর্থ হলে বিভাগীয় নেতারা সমন্বয়ের দায়িত্ব পালন করবেন।

রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে বৈঠকে কোনো নির্দিষ্ট প্রার্থীর নাম আলোচনা হয়নি। তবে নির্বাচন কমিশন তপশিল ঘোষণার পর দলীয় প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব তারেক রহমানের ওপর অর্পণ করা হয়েছে।

বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন দলের নেতারা। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, দীর্ঘদিনের প্রশাসনিক ও আইনশৃঙ্খলা কাঠামো পুনর্গঠনের কাজ চলছে। এ কারণে কিছুটা সময় লাগলেও পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী নির্ধারণের পূর্ণ দায়িত্ব চেয়ারম্যান তারেক রহমানকে দেওয়া হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস (ভার্চুয়ালি), গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান (ভার্চুয়ালি), নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।