দুর্গম পাহাড়ি এলাকার রোগীদের পাশে এপেক্স বাংলাদেশ

বান্দরবান সদর হাসপাতালে রোগী ও স্বজনদের মাঝে দুপুরের খাবার বিতরণ, উদ্বোধন করেন এমপি সাচিং প্রু জেরি

বান্দরবান প্রতিনিধি: দুর্গম পাহাড়ি অঞ্চলের অসহায় রোগীদের পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক সেবামূলক সংগঠন এপেক্স বাংলাদেশ। সংগঠনটির আওতাধীন এপেক্স ক্লাব অব বান্দরবানের উদ্যোগে শনিবার বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাঁদের সঙ্গে থাকা স্বজনদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে।

আয়োজকদের জানানো হয়, বান্দরবানের থানচি, রুমা, আলীকদম ও রোয়াংছড়িসহ বিভিন্ন দুর্গম উপজেলা থেকে চিকিৎসার জন্য আসা হাম, ম্যালেরিয়া, ডেঙ্গুসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগী এবং তাঁদের স্বজনদের এ খাদ্য সহায়তা দেওয়া হয়। মানবিক এই উদ্যোগের লক্ষ্য চিকিৎসার জন্য দূর-দূরান্ত থেকে আসা মানুষের দুর্ভোগ কিছুটা লাঘব করা।

খাদ্য বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বান্দরবান-৩০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরি। তিনি বলেন, দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে চিকিৎসার জন্য আসা রোগীদের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক ও আন্তর্জাতিক সেবামূলক সংগঠনগুলো এভাবে এগিয়ে এলে সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটাই কমে আসবে।

এপেক্স বাংলাদেশের জাতীয় সহ-সভাপতি মো. নুরুল আমিন চৌধুরী আরমান বলেন, এপেক্স বাংলাদেশের মূল দর্শন হলো **সেবা, নাগরিকত্ব ও সৌহার্দ্য**। দেশের প্রতিটি অঞ্চলে, বিশেষ করে দুর্গম পাহাড়ি এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনের অঙ্গীকার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় আন্তর্জাতিক সম্পর্ক পরিচালক কামাল পাশা, এপেক্স ক্লাব অব বান্দরবানের সভাপতি ইঞ্জিনিয়ার রুই প্রু মারমা, সাধারণ সম্পাদক মাসংচিং মারমা, কোষাধ্যক্ষ মো. ইকবাল হোসেন, বিভিন্ন ক্লাবের এপেক্স সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বান্দরবান প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সচিত্র মৈত্রীর সম্পাদক ওসমান গনী।

অনুষ্ঠান শেষে বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাঁদের সঙ্গে থাকা স্বজনদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও দুর্গম পাহাড়ি অঞ্চলের অসহায় মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।