তোপের মুখে ফিফা, শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল

বিশ্বকাপের বাণিজ্যিক অংশীদারিত্ব বিক্রির পরিকল্পনা বাতিল; তীব্র বিরোধিতায় কোণঠাসা ইনফান্তিনো
টুইট ডেস্ক: বিশ্বকাপের বাণিজ্যিক কার্যক্রমে বেসরকারি অংশীদারিত্ব বিক্রির বিতর্কিত পরিকল্পনা থেকে শেষ পর্যন্ত সরে এসেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সদস্য দেশগুলোর তীব্র বিরোধিতা, অভ্যন্তরীণ অসন্তোষ এবং নেতৃত্ব নিয়ে প্রশ্নের মুখে পড়ে নাটকীয়ভাবে পরিকল্পনাটি বাতিলের ঘোষণা দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
শুক্রবার গভীর রাতে দেওয়া এক বিবৃতিতে ইনফান্তিনো বলেন, সংশ্লিষ্ট সব পক্ষের মতামত বিবেচনায় নেওয়ার পর স্পষ্ট হয়েছে যে প্রস্তাবটি ফুটবল অঙ্গনে বিভাজন সৃষ্টি করছে। তাই খেলার বৃহত্তর স্বার্থে এটি আর এগিয়ে নেওয়া হবে না। তিনি বলেন, ফিফার লক্ষ্য সবসময় বিশ্ব ফুটবলকে ঐক্যবদ্ধ করা এবং খেলাটির উন্নয়ন নিশ্চিত করা।
এর আগে ফিফা বিশ্বকাপ ও ক্লাব বিশ্বকাপের মতো বড় প্রতিযোগিতার বাণিজ্যিক ব্যবস্থাপনা পরিচালনার জন্য ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজেস’ নামে নতুন একটি বেসরকারি প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা ঘোষণা করেছিল। ওই প্রতিষ্ঠানের ২১ শতাংশ অংশীদারিত্ব বিক্রি করে প্রায় ৪২০ কোটি মার্কিন ডলার সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। এই অর্থ ফিফার ২১১টি সদস্য দেশের উন্নয়ন তহবিলে বিতরণের কথাও জানানো হয়।
তবে শুরু থেকেই পরিকল্পনাটির বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা, উত্তর ও মধ্য আমেরিকার কনকাকাফ এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। উয়েফা স্পষ্টভাবে জানিয়ে দেয়, পরিকল্পনাটি বাস্তবায়ন হলে তাদের ৫৫টি সদস্য দেশ ফিফার প্রতিযোগিতা বর্জনের পথেও হাঁটতে পারে।
পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে ফিফার ভেতরেই। ইনফান্তিনোর উপদেষ্টা কার্লোস কর্দেইরো পদত্যাগ করে পরিকল্পনাটিকে ফুটবল ও সদস্য দেশগুলোর জন্য ক্ষতিকর বলে আখ্যা দেন। একই সময়ে ফিফার প্রধান পরিচালন কর্মকর্তা কেভিন লামুরও প্রকাশ্যে সমালোচনা করে অভিযোগ করেন, পুরো উদ্যোগটি ছিল একক ব্যক্তিকেন্দ্রিক এবং এটি এগিয়ে নেওয়া উচিত নয়।
অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপ ক্রমেই বাড়তে থাকায় শেষ পর্যন্ত পরিকল্পনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় ফিফা। ফলে বিশ্বকাপের বাণিজ্যিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ আপাতত থেমে গেল।
এদিকে দ্য অ্যাথলেটিক জানিয়েছে, সাম্প্রতিক বৈঠকে ইনফান্তিনোর নেতৃত্বের ভবিষ্যৎ নিয়েও আলোচনা হয়েছে। ২০১৬ সাল থেকে ফিফার সভাপতির দায়িত্ব পালন করা ইনফান্তিনো আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীহীন থাকার সম্ভাবনায় থাকলেও সাম্প্রতিক এই বিতর্ক তার অবস্থানকে দুর্বল করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
নরওয়ের ফুটবল ফেডারেশনের সভাপতি লিসে ক্লাভেনেস বলেন, ফিফার প্রতি আস্থা ধরে রাখতে সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। এসব বিষয়ে শিথিলতা দেখা দিলে নেতৃত্বের প্রতি বিশ্বাস দ্রুত হারিয়ে যায়।






