খুলনায় ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত

মোটরসাইকেলে ছিলেন চারজন; স্ত্রী, শ্যালিকা ও ২২ মাসের কন্যাশিশুর মৃত্যু, আহত অবস্থায় বেঁচে গেলেন চালক
টুইট ডেস্ক: খুলনার দিঘলিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক নারী, তার বোন এবং ২২ মাস বয়সী এক কন্যাশিশু। তবে মোটরসাইকেলচালক শেখ শিহাব প্রাণে বেঁচে গেছেন।
গত শুক্রবার (৩১ জুলাই) রাত ১০টার দিকে দিঘলিয়া উপজেলার আমবাড়ীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামের বাসিন্দা শেখ শিহাবের স্ত্রী ফারজানা (২২), শ্যালিকা রুবিয়া (২০) এবং তাদের ২২ মাস বয়সী কন্যাশিশু।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে মোটরসাইকেলে পরিবার নিয়ে কালিয়ার উদ্দেশে রওনা হয়েছিলেন শেখ শিহাব। আমবাড়ীয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই নারী ও শিশুটির মৃত্যু হয়।
দিঘলিয়া থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ দাস জানান, মোটরসাইকেলে চালক ছাড়াও দুই নারী ও এক শিশু ছিলেন। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছেন।
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।






