৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে ১১ দলীয় জোট

সরকারের নিষ্ক্রিয়তার অভিযোগ; হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবি

টুইট ডেস্ক: জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী ৫ আগস্ট রাজধানীর নয়াপল্টনে সমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলের নেতার বাসভবনে অনুষ্ঠিত জোটের বৈঠক শেষে এ কর্মসূচি ঘোষণা করেন জোটের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, নির্বাচনের আগে সরকার জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিল এবং প্রধানমন্ত্রী তারেক রহমানও সনদের পক্ষে ভোট চেয়েছিলেন। জনগণ গণভোটে সনদের পক্ষে রায় দিলেও তা বাস্তবায়নে সরকার কার্যকর উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেন তিনি।

হামিদুর রহমান আযাদ দাবি করেন, বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও অধিদপ্তরে সাম্প্রতিক সময়ে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হচ্ছে, যা জুলাই অভ্যুত্থানের চেতনার পরিপন্থী। পাশাপাশি দেশে অনিয়ম ও দুর্নীতি আবারও বিস্তার লাভ করছে বলেও অভিযোগ করেন তিনি।

এসব বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

বৈঠকে সম্প্রতি হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা-২০২৬’ কর্মসূচিতে এনসিপির জ্যেষ্ঠ নেতাদের ওপর হামলার নিন্দা জানানো হয়। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় ১১ দলীয় জোট।

এ ছাড়া, ৫ আগস্ট ‘জুলাই অভ্যুত্থান’-এর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ঘোষিত কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি আহ্বানও জানানো হয়।