নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা

হবিগঞ্জে হত্যাচেষ্টা, মারধর, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগ; একই ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের বিরুদ্ধেও হামলার অভিযোগ এনসিপির

টুইট ডেস্ক: হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলটির ১০ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে হবিগঞ্জ সদর মডেল থানায় জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন রুকন এ মামলা দায়ের করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ২৮ জুলাই হবিগঞ্জ পৌরসভার কোর্ট মসজিদ এলাকায় এনসিপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সময় দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে জেলা ছাত্রদলের কয়েকজন নেতা আহত হন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও দাবি করা হয়েছে, সংঘর্ষের সময় কয়েকটি আইফোন, একটি স্যামসাং মোবাইল ফোন এবং নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের হাসপাতালে নেওয়া হয়।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন নাসীরুদ্দীন পাটোয়ারী, সারজিস আলম, আবু হেনা মোস্তফা কামাল, মাহবুবুল বারী চৌধুরী মুবিন, নাহিদ উদ্দিন তারেকসহ এনসিপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা।

অন্যদিকে, একই ঘটনাকে কেন্দ্র করে এনসিপিও ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে। দলটির দাবি, তাদের পদযাত্রা শেষে ফেরার পথে হামলায় সারজিস আলমসহ অন্তত ১৫ নেতাকর্মী আহত হন এবং এক কর্মীর একটি চোখ নষ্ট হয়ে যায়। এছাড়া কয়েকটি সংবাদমাধ্যমের গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

হবিগঞ্জ সদর মডেল থানার এক কর্মকর্তা মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ঘটনার বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।