মধ্যরাতে নিজেই গাড়ি চালিয়ে ঢাকা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

উত্তর সিটির পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন; প্রশাসককে সঙ্গে নিয়ে ফার্মগেট, সংসদ ভবন, মহাখালী ও বনানী এলাকা ঘুরে বিভিন্ন নির্দেশনা দেন
টুইট ডেস্ক: দিনভর কর্মব্যস্ততা শেষে রাতে নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শনে বের হন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ৯টা ১০ মিনিটের দিকে তিনি পরিদর্শনে বের হন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ)।
তিনি জানান, প্রধানমন্ত্রী ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনকে পাশে বসিয়ে নিজেই গাড়ি চালিয়ে প্রথমে ফার্মগেট এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। পরে সংসদ ভবন এলাকা, ক্যান্টনমেন্ট, মহাখালী, বনানী চেয়ারম্যানবাড়ি হয়ে গুলশানের বাসভবনে ফেরেন।
পরিদর্শনের সময় গাড়িতে বসেই উত্তর সিটির প্রশাসককে নগর ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়ে বিভিন্ন নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
এ সময় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ তার ব্যক্তিগত কর্মকর্তারা গাড়িবহরে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, সকাল থেকে সচিবালয়ে সরকারি দায়িত্ব পালনের পর রাতেই রাজধানীর সড়ক ও পরিচ্ছন্নতা পরিস্থিতি সরেজমিনে দেখতে এ পরিদর্শনে বের হন তিনি।






