সরকারি উদ্যোগ না পেয়ে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কারে দোয়ালিপাড়ার মানুষ

সরকারি উদ্যোগের অপেক্ষায় না থেকে স্বেচ্ছাশ্রমে মেরামতকাজ; দুর্ভোগ কমার আশা এলাকাবাসীর।

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের দোয়ালিপাড়া গ্রামের ধসে যাওয়া সেতুর সংযোগ সড়ক সংস্কারে সরকারি উদ্যোগের অপেক্ষায় না থেকে নিজেরাই মাঠে নেমেছেন এলাকাবাসী। দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে গ্রামবাসী চাঁদা তুলে এবং স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের কাজ শুরু করেছেন।

বুধবার (২৯ জুলাই) সরেজমিনে দেখা যায়, গ্রামবাসীরা রড, সিমেন্ট, বালুসহ প্রয়োজনীয় নির্মাণসামগ্রী নিয়ে ধসে যাওয়া অংশে মাটি ভরাট ও সংস্কারকাজ করছেন। গ্রামের তরুণ থেকে প্রবীণ—সবাই স্বতঃস্ফূর্তভাবে এ কাজে অংশ নিয়েছেন। কেউ নির্মাণসামগ্রী সরবরাহ করছেন, কেউ শ্রম দিচ্ছেন, আবার কেউ অর্থ দিয়ে সহযোগিতা করছেন।

স্থানীয়দের ভাষ্য, দোয়ালিপাড়া গ্রামের এই সেতুর সংযোগ সড়ক ধসে যাওয়ায় দোয়ালিপাড়াসহ আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষ দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে পড়েছেন। বিকল্প কোনো সড়ক না থাকায় শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, চাকরিজীবী ও রোগীদের প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়েছে।

এলাকার বাসিন্দা আব্দুর রহমান বলেন, “আমাদের এলাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন ধরে ভেঙে থাকলেও তা সংস্কারে কর্তৃপক্ষের কোনো উদ্যোগ দেখতে পাইনি। তাই বাধ্য হয়ে আমরা এলাকাবাসী চাঁদা তুলে নিজেরাই কাজ শুরু করেছি।”

তারাগঞ্জ ওয়াকফ এস্টেট সরকারি ডিগ্রি মহাবিদ্যালয়ের শিক্ষার্থী জামান সরকার বলেন, “আমাদের গ্রাম থেকে কলেজে যাতায়াতের একমাত্র পথ এটি। রাস্তাটি ভেঙে থাকায় দীর্ঘদিন ধরে চরম ভোগান্তি পোহাতে হয়েছে। উপজেলা প্রশাসনকে একাধিকবার জানানোর পরও কাজ না হওয়ায় এলাকাবাসী নিজ উদ্যোগে ভাঙা রাস্তাটি সংস্কার করছেন।”

সংস্কারকাজ দ্রুত শেষ হলে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে বলে আশা করছেন স্থানীয়রা। একই সঙ্গে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সড়কটি স্থায়ীভাবে সংস্কারের দাবি জানিয়েছেন।