বান্দরবানে মাছরাঙা টিভির ১৫ বছর পূর্তি উদযাপন

বান্দরবান প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভা

বান্দরবান প্রতিনিধি: মাছরাঙা টেলিভিশনের প্রতিষ্ঠার ১৫ বছর পূর্তি উপলক্ষে বান্দরবান প্রেসক্লাবের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে প্রেসক্লাবের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলার প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতা, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নুরুল আবছার, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, জেলা তথ্য কর্মকর্তা আনোয়ার হোসেন, বিএনপির যুগ্ম আহ্বায়ক ওসমান গনী, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মিল্টন মুহুরি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অংচ মং মারমা এবং ওয়ার্ল্ড ভিশনের প্রতিনিধি আশিষ কুমার হাওলাদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকির, মাছরাঙা টেলিভিশনের বান্দরবান প্রতিনিধি কৌশিক দাশ গুপ্তসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে মাছরাঙা টেলিভিশন বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে দর্শকের আস্থা অর্জন করেছে। আগামী দিনেও সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রেখে গণমাধ্যমটির অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা শেষে মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উপলক্ষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা গণমাধ্যমটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।