জুলাই জাতির অর্জন, কারও একার নয়: শেখ রবিউল

জুলাই সনদ বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ, অপরাজনীতির সুযোগ নেই

টুইট ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি, রাজনৈতিক দল বা গোষ্ঠীর একক অর্জন নয়; এটি সমগ্র জাতির অর্জন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন, সেতু, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ এবং এ ইস্যুতে কোনো ধরনের অপরাজনীতির সুযোগ নেই।

বুধবার (২৯ জুলাই) সকালে ঢাকা কলেজের শহীদ আ ন ম নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ‘শাশ্বত জুলাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বিগত ১৭ বছরের আন্দোলন এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণ করা হয়।

শেখ রবিউল আলম বলেন, জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার সরকার ইতোমধ্যেই করেছে এবং সেই অঙ্গীকার বাস্তবায়নের দায়িত্ব জনগণ ভোটের মাধ্যমে দিয়েছে। সংসদের মাধ্যমে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, জুলাইকে ঘিরে রাজনৈতিক বিভাজন নয়, জাতীয় ঐক্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান জাতিকে আত্মসংশোধনের শিক্ষা দিয়েছে এবং স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের শক্তি দেখিয়েছে। রাষ্ট্রকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে।

বিএনপির রাজনৈতিক ভূমিকার প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দলটি জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে এসেছে। দেশের প্রতিটি সংকটে বিএনপি জনগণের পাশে দাঁড়িয়েছে বলেও তিনি দাবি করেন।

ঢাকা কলেজের ঐতিহ্যের কথা উল্লেখ করে শেখ রবিউল আলম বলেন, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এই কলেজের শিক্ষার্থীরা নেতৃত্ব দিচ্ছেন। ভবিষ্যতেও এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই দেশের নেতৃত্ব গড়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে তিনি ঢাকা কলেজের বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

সভায় ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস, উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আনোয়ার মাহমুদ, কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান, সদস্যসচিব মিল্লাদ হোসেনসহ ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতারা উপস্থিত ছিলেন।